বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুল আমিনের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-আব্দুল আমিনের ছোট বোন রমিদা বেগম (২৮) ও নিকটাত্বীয় হাবিরছড়া এলাকার আব্দুল করিমের ছেলে কলিম উল্লাহ (২৪)।
বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বিদ্যুতের খুঁটির মেইন তাঁর ছিড়ে আব্দুল আমিনের বাড়ির টিনে পড়লে বিকট শব্দে তাৎক্ষণিক পুরো বাড়িতে বিদ্যুতের স্পর্শ লেগে যায়। ওই সময় বাড়িতে অবস্থান করা ৭ সদস্যের মধ্যে তিনজন দ্রুত বেরিয়ে পড়ে। আহত ৪ জনের মধ্যে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই যায়েদ হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির টেকনাফ জোনাল অফিসের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply