প্রবল বর্ষণ ও পুর্ণিমার জোয়ারের পানি অতিমাত্রায় বেড়ে যাওয়ায় সাগরের ঢেউয়ের ধাক্কায় অবশেষে ধসে পড়লো হিমছড়িতে নির্মিত কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ ‘মাধবি’ ভবনটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২৪ জুলাই) সকাল ১১ টার দিকে রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক জানান, সাগরের ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজটি। ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ২০১৭ সালে পরিত্যক্ত ঘোষণা করেছিল জেলা পরিষদ। পরিত্যক্ত ঘোষণার পর নিলামের জন্য প্রক্রিয়া শুরু করে জেলা পরিষদ কর্তৃপক্ষ। প্রক্রিয়া ধীরগতি হওয়ার কারণে ভবনটি ধসে পড়ে সরকারের বহু টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
এবিষয়ে জানতে জেলা পরিষদের প্রধান নির্বাহী হিল্লাল বিশ্বাসের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ধসে পড়া জেলা পরিষদের রেস্ট হাউস “মাধবি” ২০০০ সালে নির্মিত হয়। সেখানে ২য় তলায় কয়েকটি রুম রেস্ট হাউস হিসেবে ভাড়া চলতো। ভবনের নিচে ছিল গণচৌশাগার ও রেস্টুরেন্ট।
Leave a Reply