বার্তা পরিবেশক।।
উখিয়া প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আলোচনা সভায় অপ্রীতিকর ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিব্রতবোধ করছে প্রেসক্লাবের সদস্যরা।
বুধবার (১৮ আগস্ট) সকাল ১১ টার দিকে উখিয়া প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আলোচনা সভায় এমন অপ্রীতিকর ঘটনা ঘটে বলে জানা গেছে।
সুত্রে জানা গেছে, প্রেসক্লাবের পুর্ব নির্ধারিত আলোচনা সভার একপর্যায়ে হুমায়ুন কবির জুশান, সুলতানা মাহমুদ চৌধুরী ও হুমায়ুন কবির বাচ্চু প্রস্তাব রাখেন প্রেসক্লাবের বহিষ্কৃত সাংবাদিক এরশাদ ও মেজর সিনহা হত্যা মামলার আসামী আভাস শর্মা বিশুকে নিয়মিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এমনকি তাদেরকে নিয়মিত সদস্য করতে রেজুলেশন করার জন্য চাপ দিলে প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য নুর মোহাম্মদ সিকদার বলেন, প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম সম্পন্ন হলে এই বিষয়ে সিন্ধান্ত দেওয়া হবে। এই কথা বলার সাথে সাথে সভাপতি আনোয়ার হোসেন তেলে-বেগুনে জ্বলে উঠে এবং টেবিলে রক্ষিত কম্পিউটারের পার্টস ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করেন। এসময় দুপক্ষের মধ্যে ব্যাপক কথা-কাটাকাটি ও হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল সভার মূলতবি ঘোষনা করেন। পরে কার্যকরী পরিষদের সদস্যরা একে-একে প্রেসক্লাব ত্যাগ করেন। ঘটনাটি প্রেসক্লাবের বাইরে জানাজানি হলে সুশীল সমাজের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়। নাম প্রকাশ না করার শর্তে প্রেসক্লাবের কয়েকজন সদস্য জানান, এমন অপ্রীতিকর ঘটনা আর কোন দিন ঘটেনি এবং এটি নিয়ে আমরা বিব্রতবোধ করছি।
Leave a Reply