জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে দলের নতুন কমিটি ঘোষণা করে ফের ভাঙনের ঘণ্টা বাজিয়ে দিলেন তার ছেলে শাহতা জারাব এরিক।
এই কমিটিতে এরশাদের স্ত্রী সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে করা হয়েছে চেয়ারম্যান। আর এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক এবং এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদকে (সাদ এরশাদ) কো-চেয়ারম্যান করা হয়েছে।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়েছে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের নাম।
বুধবার রাজধানীর বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে বিদিশার ছেলে এরিক এই নতুন কমিটির ঘোষণা দেন।
অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে রওশন এরশাদের নাম লেখা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।
এরিক বলেন, “আমার বাবা যখন অসুস্থ, তখন রাতে আমার বাবাকে জিম্মি করে আমার চাচা জি এম কাদের দলের চেয়ারম্যান পদ লিখেয়ে নিয়েছেন। জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছে আমরা তাকে মানি না।”
এর প্রতিক্রিয়ায় এরশাদের ছোট ভাই জিএম কাদের বলেছেন, রাজনৈতিক দল করার অধিকার সবারই আছে, তবে একসাথে দুটি দল করা যায় না, আর নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধনও নিতে হয়।
“কে, কাকে, কী ঘোষণা দিয়েছে তা জানি না। যে কেউ যে কোনো ঘোষণা দিতে পারে।”
এরিকের ঘোষণা:
এরশাদের মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে রওশন উপস্থিত না থাকলেও তার ছেলে সাদ ছিলেন, উপস্থিত ছিলেন এরিকের মা বিদিশাও।
জাতীয় পার্টিকে “জঞ্জালমুক্ত’ করতে চান মন্তব্য করে সাদ এরশাদ বলেন, “বেশি পলিটিক্যাল কথা বলতে আসিনি। আজ আমার আব্বার মৃত্যুবার্ষিকী। সবাই আমাদের দলের প্রতিষ্ঠার জন্য দোয়া করবেন। আমার আম্মা বিরোধীদলীয় নেতা, উনার বয়স হয়েছে। উনার জন্য দোয়া করবেন। আজকে আসতে পারেননি।”
জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ‘অবৈধ’ দাবি করে এরিক বলেন, “তার কাছ থেকে দলকে বাঁচাতে হবে। আমার মা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে এবং কো-চেয়ারম্যান হিসেবে আরেক মা বিদিশা এরশাদ ও ভাই রহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদের নাম ঘোষণা করছি।
“আর দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঘোষণা করছি এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের নাম।”
এ সময় পাশ থেকে এরিকের পিঠ চাপড়ে উৎসাহ দেন বিদিশা। তিনি বলেন, “এরিকের প্রস্তাবিত নতুন কমিটি কাজ শুরু করবে। আমার দুই ছেলে সাদ ও এরিককে নিয়ে এরশাদের স্বপ্নের দেশ গড়তে মাঠপর্যায়ে কাজ শুরু করব আমরা।”
এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলে জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খানও উপস্থিতি ছিলেন।
Leave a Reply