মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার- টেকনাফ মেরিনড্রাইভে সড়কে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র নেতা নিহত হয়েছে। আহত হয়েছে তাদের আরো তিন বন্ধু।
নিহতরা হলেন,শহরের পাহাড়তলী এলাকার ওসমানের ছেলে কফিল উদ্দিন রিফাত ও সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং কলাতলী এলাকার জালাল আহমদের ছেলে আসিফ চৌধুরী ও ১২ নং ওয়ার্ড় ছাত্রলীগ (দক্ষিণ) এর আহবায়ক।
বুধবার (২১ জুলাই) রাত ১১টার দিকে মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি প্যারাসেলিং পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মিজানুল হক জানায়, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের সড়কের রামু উপজেলার হিমছড়ি আর্মি ক্যাম্প পয়েন্টে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির দু’টি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড (দক্ষিণ) ছাত্রলীগের আহবায়ক আসিফ চৌধুরী ও কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন রিফাত ঘটনাস্থলে নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিন জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল সুত্রে নিশ্চিত হওয়া গেছে।
আহতরা কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো.ছলিমুল্লাহর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ ও তার বন্ধু রফিকুল হাসান কায়েস,
আব্দুল মান্নান রানা। এদের মধ্যে মান্নান এবং কায়েসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এএসআই মো. রিপন চৌধুরী বলেন, আহত পাঁচ জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লাশ দুইটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।
এদিকে, সম্ভাবনাময়ী দুই তরুণের এমন অকাল মৃত্যুতে কক্সবাজার শহর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply