সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
মোহাম্মদ রাসেল।।
কক্সবাজারে সম্পন্ন হয়েছে ওয়ালটন প্রথম জাতীয় বিচ ডজবল প্রতিযোগিতার ফাইনাল খেলা। এতে পুরুষে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ এবং মেয়েদের দলে চ্যাম্পিয়ন হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শনিবার (১৮জুন) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, সরকারের পাশাপাশি এই প্রতিষ্ঠান দেশের ক্রীড়া বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে ক্রীড়াঙ্গন। এমন আয়োজনের মধ্য দিয়ে তৃণমূলে তৈরি হচ্ছে ভাল মানের খেলোয়াড়। যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনছে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসারের ক্রীড়া ও সংস্কৃতি পরিচালক মোহাম্মদ সিরাজুর রহমান ভূইয়া, আনসারের কক্সবাজার জেলা কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগ, কুটুম বাড়ি রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লায়ন নুরুল কবির পাশা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হারুন অর রশীদ ও আনসারের সহকারী পরিচালক মো. রায়হান উদ্দিন ফকির।
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুক্রবার (১৭ জুন) ‘ওয়ালটন প্রথম জাতীয় বিচ ডজবল প্রতিযোগিতা-২২ শুরু হয় এবং শনিবার (১৮জুন) শেষ হয়েছে। অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরুষ ক্যাটাগরিতে আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ। এছাড়া, নারী ক্যাটাগরিতে পুলিশের মেয়েদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
প্রসঙ্গতঃ ওয়ালটন প্রথম বিচ ডজবল প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে ৫টি করে দল অংশ নেয়। নারী ও পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ ডজবল ক্লাব, শেখ রাসেল ডজবল একাডেমি, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও ময়মনসিংহ জেলা।
এছাড়া, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়েছে। একই সাথে সেরা খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।
এদিকে, এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিলেন-এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।
Leave a Reply