সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদর উপজেলাধীন খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের দুটি গ্রুপের দুটি পৃথক সম্মেলন অনুষ্টিত হয়েছে। এই সম্মেলন দুটিকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কোন সম্মেলন বা কোন কমিটি বৈধ তা নিয়ে দেখা দিয়েছে বিভিন্ন কল্পনা জল্পনা। এছাড়া, এর আগে ২ বার সম্মেলনের সময় দিয়ে স্থগিত হওয়ার পরে নেতাদের মধ্যে কোন রকম সুরাহা না হওয়াতে এই সম্মেলনের বৈধতা নিয়েও বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) একই ইউনিয়নে দুটি সম্মেলন হয়েছে বলে দাবী করেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
খুরুশকুল আ’লীগের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দলীয় কোন্দলের চরম শেষ সীমানায় পৌঁছেছে খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগ। আজ একই সময়ে বিকাল ৩ টা থেকে দুটি স্থানে সম্মেলন হয়েছে। একটি রাস্তারপাড়া গণস্বাস্থ্য কেন্দ্রে, অন্যটি ইউনিয়ন পরিষদের পাশে ধীরেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। রাস্তার পাড়া গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্টিত সম্মেলনের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ, যার নেতৃত্ব ছিল বর্তমান সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু এবং খুরুশকুল ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন। অন্যদিকে, ধীরেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মেলনের আয়োজন করেছেন খুরুশকুলের তৃণমুল আওয়ামীলীগের ব্যানারে খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুল হক, তাকে সহায়তা করছেন বর্তমান চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী।
এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু বলেন, খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের আসল সম্মেলনটি হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রে। যেখানে জেলা আওয়ামীলীগ এবং উপজেলা আওয়ামীলীগ সবাই অংশগ্রহণ করেছে। সুতরাং এটি বৈধ। অন্যরা সম্ভবত কর্মী সভা করছে এ বিষয়ে আমি জানিনা।
এদিকে, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান এবং আইনজীবী এড.রেজাউর রহমান রেজা বলেন, খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন হচ্ছে আমরা জানিনা। সেখানে ওয়ার্ডের প্রকৃত আওয়ামীলীগ নেতা- কর্মীদের বাদ দিয়ে একতরফাভাবে একটি পক্ষ সম্মেলনের নামে আওয়ামীলীগকে কলংকিত করছে। তাই সেটাকে আমরা বয়কট করেছি। আর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি যদি জেলা আওয়ামীলীগ অনুমোদন দিতে পারে, তাহলে আর ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ রাখার দরকার কি?
অন্যদিকে, খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক বলেন, আমাদের সভাপতির মৃত্যুর পর আমি দলকে সংগঠিত করেছি। প্রতিটি ওযার্ডে সম্মেলন করেছি। আমার সভাপতিত্বে সব কিছু হয়েছে। এখন সব ওয়ার্ড থেকে তৃনমুলের সকল নেতা-কর্মীকে বাদ দিয়ে তারা কিভাবে সম্মেলন করছে আমি জানিনা। তাই আমরা প্রকৃত আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে সম্মেলন করছি ধীরেন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে।
এ ব্যাপারে খুরুশকুল ইউপি চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী বলেন, আমার নির্বাচনের সময় দলীয় ব্যানারে যারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। তাদের বাদ দিয়ে প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি-জামাতের লোকজনকে কাউন্সিলর বানিয়ে সম্মেলনের নামে তালবাহানা করছে জসিম উদ্দিন ও মাদু পক্ষ। তাই আমি তৃণমুল নেতাদের সহায়তা করছি।
এদিকে, সম্মেলনকে নিয়ে পুরো খুরুশকুলে জুড়ে উত্তেজনা বিরাজ করছে দাবী করে কয়েকজন নেতাকর্মী বলেন, যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। তাই অনেকে আতংকের মধ্যে দিনাতিপাত করছে।
Leave a Reply